বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:৩৮ পিএম
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মহাসম্মেলনে প্রায় দুই হাজার গ্রাজুয়েট অংশ নিচ্ছেন। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট প্রকৌশলবিজ্ঞানী, কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটির প্রফেসর ড. একরাম হোসেন।

প্রফেসর ড. একরাম হোসেন ২০১০ সাল থেকে ম্যানিটোবা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত। প্রকৌশলবিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্বের বহু মর্যাদাপূর্ণ সংস্থার ফেলো নির্বাচিত হয়েছেন। সুইডেন, সিঙ্গাপুর, জাপান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ওয়্যারলেস কমিউনিকেশন ও নেটওয়ার্ক গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি ২০২৪ সালে আইইই কানাডা জে.এম. হ্যাম আউটস্ট্যান্ডিং এডুকেটর অ্যাওয়ার্ড এবং ২০২৫ সালে আইইই কমিউনিকেশন্স সোসাইটি এডুকেশন অ্যাওয়ার্ড অর্জন করেন।

বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক প্রফেসর ড. একরাম হোসেন বিশ্বখ্যাত ক্যানাডিয়ান একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (এফসিএই) এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ ক্যানাডার (এফইআইসি)-এর ফেলো। গবেষণায় বিশেষ অবদান রাখায় ২০১৫ সালে তিনি বিশ্বে প্রকৌশল বিজ্ঞানীদের সবচেয়ে বড় সংস্থা ইনস্টিটিউট অফ ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রোনিক্স ইঞ্জিনিয়ারস (আইইই)-এর ফেলো নির্বাচিত হন। এছাড়া ২০১৬ সালে তিনি রয়েল সোসাইটি অফ কানাডার কলেজ অফ নিউ স্কলারস, আর্টিস্টস অ্যান্ড সাইন্টিস্ট-এর ফেলো হিসেবে নির্বাচিত হন।

এ পর্যন্ত প্রফেসর একরাম হোসেনের ৬০০-রও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং গুগল স্কলারে তাঁর ৫১ হাজারের বেশি সাইটেশন রয়েছে। তিনি ১৯৯৫ সালে বুয়েট থেকে স্নাতক এবং ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০১ সালে তিনি কানাডার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন।

ইএইচ