নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০১:৪২ পিএম
নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে টেকসই করতে হলে প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে দুর্নীতি রোধে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টুটুল।

আলোচনায় অংশ নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল আবেদীন হিমেল দুর্নীতির বহুমাত্রিক ক্ষতি তুলে ধরেন। তাঁরা বলেন, শুধু আর্থিক অনিয়ম নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতিরই একটি রূপ। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতার চর্চা জোরদার করা জরুরি।

বক্তারা আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতে সচেতনতা বাড়াতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনিক প্রতিটি পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর তাঁরা জোর দেন।

আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বরে জাতীয় পতাকার পাশাপাশি দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেএইচআর