সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে আনসার-ভিডিপি

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:৫৪ পিএম
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে আনসার-ভিডিপি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে গত ৭ ডিসেম্বর রাতে অগ্নিকাণ্ডে ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম আহমেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাটি মহাপরিচালকের নজরে আসায় তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন, যা বাহিনীর সদস্যদের প্রতি তার মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

সিলেট রেঞ্জের উপমহাপরিচালক অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশনা প্রদান করেন। জেলা কমান্ড্যান্ট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও উইন্টার কোটসহ শীতবস্ত্র বিতরণ করেন এবং বিস্তারিত তথ্য রেঞ্জ সদর দপ্তরে প্রেরণ করেন। 

পরবর্তীতে রেঞ্জ কমান্ডার বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালককে অবহিত করলে তাঁরা সম্ভাব্য সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন।

মহাপরিচালকের সদয় নির্দেশনা অনুযায়ী ০৯ ডিসেম্বর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। 

এ সময় তিনি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক সহায়তা হিসেবে গৃহনির্মাণে ব্যবহারের জন্য ২ বান্ডিল টিন এবং নগদ ৫,০০০ টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি, বাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বাহিনীর শীর্ষ পর্যায়ে এমন সহানুভূতিশীল উদ্যোগ ও দ্রুত সাড়া পেয়ে প্লাটুন কমান্ডার মো. সেলিম আহমেদ মহাপরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার মতে, এ সহায়তা শুধু এক সদস্যের প্রতি নয়, বরং বাহিনীর সকল সদস্যের প্রতি মহাপরিচালকের অকৃত্রিম ভালোবাসা ও দায়িত্বশীলতার প্রতীক।

ইএইচ