মহেশপুরে ওসিকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১১:১৩ এএম
মহেশপুরে ওসিকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকেলে থানা প্রাঙ্গণে এই সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি মেহেদী হাসান মহেশপুরকে অপরাধমুক্ত রাখতে তাঁর কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, মহেশপুর উপজেলাকে মাদক, চোরাচালান ও সামাজিক অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার কাজে সাংবাদিকদের তথ্যনির্ভর সহযোগিতা তাঁদের কার্যক্রমে আরও গতি আনবে। তাঁর দৃঢ় মনোভাব, আন্তরিকতা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার উপস্থিত সকলের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার করে।

প্রেসক্লাব মহেশপুরের সভাপতি ও মাইটিভি এবং মানবজমিনের উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেনের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ওবাইদুল হক, সহ-সভাপতি জালাল উদ্দিন, আনন্দ টিভির প্রতিনিধি জাকির হোসেন, সীমান্ত প্রতিনিধি জমশেদ আলম বুকুল, শহিদুল ইসলাম, আব্দুর রহিম, আহসান হাবিব, মশিয়ার রহমান টিংকু, আব্দুর রাজ্জাক রাজন, সাইফুল ইসলাম সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

প্রেসক্লাব নেতারা নবাগত ওসির সততা, কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে মহেশপুর থানার সেবা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে মতবিনিময় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

জেএইচআর