পাবনার চাটমোহর উপজেলার হাঁড়িয়াল ইউনিয়নের মারিয়াস্থল মৌজায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, মারপিট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ও বিকেলে। এ ঘটনায় তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রতিপক্ষের হামলা ও মারপিটে মারাত্মক আহত হয়েছেন দুইজন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, আব্দুল মজিদের ছেলে শরিফুল ইসলাম ও ইমদাদুল মাস্টারের ছেলে বাবলু হোসেন। মারিয়াস্থল গ্রামের আলমগীর গং ও রবিউল-আশরাফুল গং এর মধ্যে এই বিরোধ চলছে।
বুধবার সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগে জানা গেল, মঙ্গলবার সকালে আশরাফুল গং এর লোকজন জমিতে সার ছিটাতে গেলে আলমগীর-শিমুল গং সশস্ত্র অবস্থায় তাদের ওপর হামলা করে মারপিট করে। তাদের মারপিটে শরিফুল ও বাবলু মারাত্মক আহত হন। এদিন বিকেলে আশরাফুল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলমগীর গং এর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ। তারা হামলা চালিয়ে আলমগীর, শিমুল ও মজনুর বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এসময় গরু, ছাগল ও হাঁস-মুরগি লুটপাট করা হয় বলেও অভিযোগ।
শিমুলের স্ত্রী শাপলা খাতুন বলেন, "মঙ্গলবার বিকেলে আশরাফুল-নজরুল গং অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। আমাদের হত্যারও চেষ্টা করে। পুলিশের সাহায্য চেয়েও সময়মতো পাইনি।" যদিও আশরাফুল গং এই অভিযোগ অস্বীকার করে জানান, নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর মিথ্যে অভিযোগ করছে।
হাঁড়িয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর সুব্রত সরকার জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছেন ২ জন। হারিয়ে যাওয়া গরু ও ছাগল উদ্ধার করে শিমুল গং কে দেওয়া হয়েছে। এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন