কালীগঞ্জে সোনালী ব্যাংক পিএলসির নতুন এটিএম বুথ উদ্বোধন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৩৮ পিএম
কালীগঞ্জে সোনালী ব্যাংক পিএলসির নতুন এটিএম বুথ উদ্বোধন

লালমনিরহাটের কালীগঞ্জে সোনালী ব্যাংক পিএলসি, কালীগঞ্জ শাখার নতুন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শাখা ভবনের নিচে ফিতা কেটে এ বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংকের রংপুর জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সোনালী ব্যাংক পিএলসি’র রংপুর জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম বলেন, "সোনালী ব্যাংক শুরু থেকেই দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে আমরা ধীরে ধীরে সব শাখায় আধুনিক সেবা যুক্ত করছি। কালীগঞ্জ শাখায় এই নতুন এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে গ্রাহকরা এখন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা নিতে পারবেন। এতে ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হবে এবং গ্রাহক ভোগান্তি কমবে।"

তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করা এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধাকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়া। কালীগঞ্জের মানুষের জন্য এই বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"

তিনি সেবার মান আরও উন্নত করতে শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল অফিস প্রধান মো. মামুনুর রশিদ হেলালী।

উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি, কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বসুনিয়াসহ কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ইএইচ