মাগুরা সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। পরিদর্শনকালে তিনি জনসেবায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার সকালে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা, সময়মতো সেবা প্রদান এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এরপর তিনি আঠারোখাদা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। সেখানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
পরবর্তীতে তিনি আঠারোখাদা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি রেকর্ড সংরক্ষণ, দলিল প্রক্রিয়াকরণ, নামজারি এবং নাগরিক আবেদনের নিষ্পত্তি কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সরকারের নীতি ও নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে সকলকে আরও দায়িত্বশীল, পেশাদার এবং সেবামুখী হয়ে কাজ করতে হবে।
দিবসের শেষভাগে তিনি মাগুরা আব্দুল গণি একাডেমি স্কুল পরিদর্শন করেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঘুরে দেখার পাশাপাশি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং পাঠদানে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসকের এই পরিদর্শনের ফলে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মচাঞ্চল্য আরও বৃদ্ধি পেয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন