নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ও বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, দয়ারাপুর ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার ফজলুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারসহ বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এছাড়াও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন