সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শফিক ইসলাম আহত

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৩২ পিএম
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শফিক ইসলাম আহত

পাবনার ভাঙ্গুড়ার পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক শফিক ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে যায়।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহ করতে পাবনার দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ চাটমোহর কাতলা মোড় এলাকায় একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলে ডান পায়ের দিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

আহত শফিক অভিযোগ করে বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।”

ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে।

শফিক ইসলাম একজন সাহসী সাংবাদিক এবং দীর্ঘদিন যাবৎ এশিয়ান টিভি চ্যানেলে ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে দৈনিক 'ঢাকা কাগজ'-এর পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে তিনি দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

ইএইচ