রাজশাহী মহানগরীর অভ্যন্তরীণ সড়কে পাইপলাইন স্থাপন ও ক্ষতিপূরণ জমা সংক্রান্ত বিষয়ে রাজশাহী ওয়াসার সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসকের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী ওয়াসার পক্ষ থেকে পাইপলাইন স্থাপনের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করা হয়।
এ সময় প্রশাসক ড. বজলুর রশীদ বলেন, “নাগরিক ভোগান্তি এড়াতে রাসিক ও ওয়াসার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে পাইপলাইন স্থাপনের কাজ বাস্তবায়ন করতে হবে।” কাজ চলাকালে সড়কের ক্ষয়ক্ষতি কমানো এবং দ্রুত সংস্কারের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল আলম সরকার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন/প্রকৌশল) মো. তৌহিদুর রহমান, প্রধান প্রকৌশলী মো. পারভেজ মামুদ, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকারসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন