নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:৪৩ পিএম
নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল ১১টায় জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে শহীদদের স্মরণে কোরআন তেলাওয়াত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় জেলা প্রশাসক রায়হান কবীর বলেন, “আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। এখনো এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র সকলে মিলে রুখে দাঁড়াতে হবে। আর রুখে দাঁড়াতে ব্যর্থ হলে যেকোনো ভাবে ফ্যাসিস্টরা আবার থাবা মারতে পারে। তাই সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।”

আলোচনা সভায় বক্তারা বলেন, “১৪ই ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করার জন্য নির্বিচারে শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ মেধাবীদের হত্যা করা হয়েছিল। এই শূন্যতা পূরণ করার জন্য আমাদের কাজ করতে হবে। তাদের তৎপরতা এখনো চলছে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি রাখতে হবে।” এ সময় বক্তারা বুদ্ধিজীবী হত্যার সঠিক ইতিহাস তুলে ধরেন।

জেলা প্রশাসক রায়হান কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক আল মেহেদী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন, অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা আ. জব্বার, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, ইলিয়াস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. নুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান। 

এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইএইচ