মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শত শত নেতাকর্মী এই শ্রদ্ধা কর্মসূচিতে অংশ নেন।
স্মৃতিসৌধে আসার পথে শফিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে সাভার ও আশুলিয়ার রাজপথ মুখরিত করে তোলেন।
এ সময় ঢাকা-১৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সাক্ষাৎকারে মো. শফিকুল ইসলাম বলেন, আজ আমাদের মহান বিজয় দিবস। অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা এই দিনটি পেয়েছি। ৩০ লক্ষ শহীদের রক্ত এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়কে আমরা কখনোই হারিয়ে যেতে দেব না। কোনো কূচক্রী মহল এই বিজয়কে নস্যাৎ করতে পারবে না, ইনশাআল্লাহ।
এ সময় পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন