কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৪৫ পিএম
কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা মাইওয়ান মোড় এলাকা থেকে ইয়াকুব হোসেন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে ভাড়া কক্ষের ভেতর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ইয়াকুব হোসেন উপজেলার চান্দরা মাইওয়ান মোড় এলাকায় জনৈক আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। 

বুধবার সকালে তার কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ জানান, লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, প্রায় ২ থেকে ৩ দিন আগে ইয়াকুব হোসেন আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ইএইচ