পটিয়ায় সেনাবাহিনীর অভিযান: লক্ষাধিক টাকার মদসহ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:০৯ পিএম
পটিয়ায় সেনাবাহিনীর অভিযান: লক্ষাধিক টাকার মদসহ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদসহ মোহাম্মদ রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার ভোরে উপজেলার হাইদগাঁও এলাকায় পটিয়া সেনা ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।

সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে একটি বিশেষ দল হাইদগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে ১১৬ লিটার চোলাই মদসহ রুবেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

আটক মোহাম্মদ রুবেল হাইদগাঁও এলাকার লচু সওদাগরের বাড়ির মোহাম্মদ নুরুন নবীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে উদ্ধারকৃত মাদকসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইএইচ