চট্টগ্রামের সীতাকুণ্ডে রেহেনা আক্তার (৫০) নামে এক পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেহেনা আক্তার সোনাইছড়ি পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি ওই কেন্দ্র সংলগ্ন মাহবুব চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সোনাইছড়ি পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভিজিটর জানান, বুধবার রেহেনা আক্তার অফিসে না আসায় তাকে একাধিকবার কল করা হয়। ফোন রিসিভ না করায় সন্দেহ হলে বাসার মালিককে খবর দেওয়া হয়। মালিক গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ফ্যানের সাথে তার নিথর দেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন