বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

বরিশাল ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:১৫ পিএম
বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী নেত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সুয়ান আল তালুকদার (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারভুক্ত আসামি সুয়ান আল তালুকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুয়ান বরিশাল নগরের কাউনিয়া থানাধীন মনষা বাড়ি এলাকার জাহাঙ্গীর তালুকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিচয়ের সূত্রে সুয়ানের সঙ্গে ওই নেত্রীর বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

বাদীর অভিযোগ, সুয়ান বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেছেন। গত ১১ অক্টোবর নগরীর সদর রোডের একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের পর ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে পুনরায় ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিয়ের জন্য চাপ দিলে গত ১৭ ডিসেম্বর সুয়ান ভুক্তভোগীকে নবগ্রাম রোডে নিয়ে গিয়ে বিয়ে করতে অস্বীকার করেন। একপর্যায়ে সুয়ান তাকে হত্যার উদ্দেশ্যে হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে মুখে লেগে রক্তাক্ত জখম হন বাদী।

উল্লেখ্য, অভিযুক্ত সুয়ান আল তালুকদার বরিশালের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তবে তার বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। জামিনে বের হয়ে তিনি নিজেকে আন্দোলনের পক্ষের শক্তি বলে দাবি করে আসছিলেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উভয়ের পাল্টাপাল্টি বক্তব্যের প্রেক্ষাপটে গত ১৮ ডিসেম্বর পুলিশ মামলাটি আমলে নেয়।

ইএইচ