রাজশাহীতে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১৮

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:১২ পিএম
রাজশাহীতে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১৮

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাকাইলকাটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো. সুমন কাদেরীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। 

অভিযানকালে কাটাখালী নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাটাখালী থানার কাকাইলকাটি এলাকায় ফিরোজ নামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে গাঁজা মজুত করে রেখেছে।

সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. ফিরোজ আলী (৪০) কৌশলে পালিয়ে যায়। পরে তার বসতবাড়ির ছাদ তল্লাশি করে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক অভিযুক্তের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে রাজশাহী মহানগরীতে আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারণ ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৪ জন এবং অন্যান্য মামলায় আরও ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলার ১০ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত চারজন হলেন- মো. ইব্রাহীম (৩০), জুবায়ের হোসেন (৩৩), রামজান (৩৫) ও ইরফান খান মিরাজ (২৫)। মো. ইব্রাহীম রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের কর্মী। জুবায়ের হোসেন পুঠিয়া উপজেলা কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক এবং বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার বাসিন্দা। রামজান চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক। ইরফান খান মিরাজ রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

জেএইচআর