মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, রাত ৮টার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্ট ও বয়াগুলো দেখা অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাত ১০টায় উভয় ঘাট থেকে ফেরি ছাড়ার কার্যক্রম স্থগিত করা হয়। তবে আশার কথা এই যে, চলাচলের অনুপযোগী পরিস্থিতিতে মাঝ নদীতে কোনো ফেরি আটকে পড়ার ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, "কুয়াশার কারণে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে দৃশ্যমানতা স্বাভাবিক পর্যায়ে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।"
বর্তমানে এই নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১০টি ফেরি নিয়োজিত রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে, যার ফলে কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন