আশুলিয়ায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা) প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০২:১৫ পিএম
আশুলিয়ায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ চোলাই মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই ও জাওয়া মদসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাঙামাটির জোড়াছড়ি থানার করুণ বিকাশ চাকমা (২০), চাঁদপুরের মতলব থানার সোহেল মিয়া (৩২) এবং আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার স্থানীয় বাসিন্দা বাদল ভূঁইয়া (৬১)।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৫২০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ এবং আরও ৫২০ লিটার জাওয়া মদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক উৎপাদনে ব্যবহৃত ২টি গ্যাসের চুলা, ৫টি সিলভারের বড় পাতিল এবং ৫০টি পলিথিন ব্যাগ জব্দ করেছে পুলিশ।

ডিবি (উত্তর) জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উত্তর গাজিরচট এলাকায় গোপনে কারখানা স্থাপন করে অবৈধভাবে মাদক উৎপাদন ও স্থানীয় এলাকায় সরবরাহ করে আসছিল। তারা এলাকায় পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত। এই ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ