দৌলতপুরে অবৈধভাবে মাটি পরিবহন, ২ ড্রাম ট্রাক জব্দ ও জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:২১ পিএম
দৌলতপুরে অবৈধভাবে মাটি পরিবহন, ২ ড্রাম ট্রাক জব্দ ও জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইটভাটার জন্য অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক দুটির চালককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে ইটভাটায় মাটি সরবরাহের সময় প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দুটি ড্রাম ট্রাক আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত চালকরা হলেন, উপজেলার আল্লারদর্গা এলাকার মনিরুল ইসলাম ও বেগুনবাড়িয়া এলাকার রাজু আহমেদ। সড়ক পরিবহন আইনে দোষী সাব্যস্ত করে আদালত উভয় চালককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাঁদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, “অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহন পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জনস্বার্থের পরিপন্থী। পরিবেশ রক্ষায় এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

ইএইচ