আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের (নবাবগঞ্জ উপজেলা) প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার বেলা ৩টার সময় নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলায় দায়িত্বরত কর্মকর্তা জিল্লুর রহমানের কাছ থেকে ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতিকুর ইসলাম রাজা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, “বিগত নির্বাচনগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বাধার কারণে আমরা এভাবে স্ব-শরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারিনি। দেশে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ায় আমরা আনন্দিত। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরে ভালো লাগছে।”
মনোনয়নপত্র সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন