রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 'শরীয়তপুর প্রেসক্লাব' এই প্রতিবাদ সভার আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে এসব ন্যাক্কারজনক হামলা চালানো হচ্ছে। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য এক চরম হুমকি। এ সময় জেলায় কর্মরত সংবাদকর্মীরা হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। সাংবাদিকরা স্পষ্ট করেন যে, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও সাংবাদিকদের ওপর নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মানববন্ধনে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের অসংখ্য সংবাদকর্মী সংহতি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন- বাসস প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কে এম মকবুল হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর এবং দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুরুজ্জামান শেখসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা না হয়, তবে আগামীতে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন