মহম্মদপুরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও থানা পরিদর্শনে জেলা প্রশাসক

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:০৩ পিএম
মহম্মদপুরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও থানা পরিদর্শনে জেলা প্রশাসক

মাগুরার মহম্মদপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। একই দিনে তিনি মহম্মদপুর থানা পরিদর্শন করেন।

সোমবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনুর জামান। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্ব প্রস্তুতি, ভোটকেন্দ্রসমূহের সংস্কার ও প্রস্তুতিমূলক কার্যক্রম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয় এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মহম্মদপুর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার ও জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেএইচআর