আসন্ন নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ঐক্যের স্বার্থে মূলধারায় ফিরেছেন শতাধিক প্রভাবশালী নেতাকর্মী।
সোমবার রাত নয়টায় মধুপুর দলীয় কার্যালয়ে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের হাতকে শক্তিশালী করতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জুবাইর আল রিজভীর নেতৃত্বে এসব নেতাকর্মী ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, এর আগে আব্দুল লতিফ পান্না অন্য একজন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে সক্রিয় ছিলেন এবং জুবাইর আল রিজভী নিজেও প্রার্থিতা প্রত্যাশা করেছিলেন। দলের বৃহত্তর স্বার্থে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা আজ প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা আজ এক কাতারে দাঁড়িয়েছি ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য। দল যাকে মনোনীত করেছে, তার বিজয় মানেই গণতন্ত্রের বিজয়।”
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মিন্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী ও সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন