মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৪৩ পিএম
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে লিজন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে টেংরামারি-আশরাফপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত লিজন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রাকিবুল ইসলাম সদর উপজেলার চক শ্যামনগর গ্রামের হুদা মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিজন ও রাকিবুল পেশায় রাজমিস্ত্রি। তাঁরা মোটরসাইকেলযোগে মোনাখালী গ্রাম থেকে টেংরামারি গ্রামে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চিকিৎসাধীন রয়েছে।

ইএইচ