ডিপ্লোমাধারী কৃষিবিদদের উচ্চশিক্ষার সুযোগসহ ৮ দফা দাবিতে বরিশালের বাবুগঞ্জে দ্বিতীয়বারের মতো ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ দুই ঘণ্টা মহাসড়ক অচল থাকায় চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দাবি আদায়ের বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ৯ মাস আগে কৃষি উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও তাঁদের দাবি বাস্তবায়নে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএইর আওতা থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান করা, ডিপ্লোমাধারীদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া এবং দেশের সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ‘সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা।
এছাড়াও তারা বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের বেতন নির্ধারণ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য নিয়মিত ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করার জোর দাবি জানান। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা 'ভয় করি না বুলেট বোমা', 'উচ্চ শিক্ষার দাবি মানতে হবে' এমন বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, সেনাবাহিনীর সহযোগিতায় কিছু জরুরি যানবাহন বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন