কুমিল্লার মুরাদনগরে যৌতুকের দাবিতে তানজিনা (১৯) নামের এক গৃহবধূকে জনসম্মুখে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর এলাকার গোমতী ব্রিজের বেড়িবাঁধ সংলগ্ন স্থানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক স্বামী কুদ্দুস ওরফে রুবেলকে (৩২) হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।
নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রুবেল তার স্ত্রীর ওপর নিয়মিত নির্যাতন চালাতেন। এই নির্যাতনের প্রতিবাদে এবং নিজের সুরক্ষায় গত ২২ ডিসেম্বর তানজিনা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। থানায় অভিযোগ করায় রুবেল আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার দুপুরে তানজিনাকে একা পেয়ে তিনি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তানজিনার মৃত্যু হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন