তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন ৩৭ হাজার নেতাকর্মী

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৪১ পিএম
তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন ৩৭ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী বিভাগ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী থেকে বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে ঢাকামুখী যাত্রা শুরু হয়েছে। দলীয় ব্যবস্থাপনায় শতাধিক বাসের পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী ট্রেনযোগে রাজধানীতে যাচ্ছেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “মহানগর থেকে অন্তত ৭০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্রেনের বগি বুকিং এবং মাইক্রোবাস ও কারে করেও নেতাকর্মীরা যাচ্ছেন। আমাদের হিসাব অনুযায়ী মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।”

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “রাজশাহী-৬ আসন থেকেই ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মীর যাতায়াতের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এদিকে যাত্রীচাপ সামাল দিতে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। রেলওয়ে সূত্র জানায়, ২৫ ডিসেম্বর উপলক্ষে চারটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। ট্রেনগুলো হলো, পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। এ ছাড়া নাটোর-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চালুর প্রক্রিয়া চলছে। নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলোতেও অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানান, বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনার কারণে স্বল্প দূরত্বের কয়েকটি কমিউটার ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অধিকাংশ নেতাকর্মী ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বাকিরা আগামীকালের মধ্যে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

ইএইচ