নানিয়ারচরের সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:২৩ পিএম
নানিয়ারচরের সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম ঘিলাছড়ি এলাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নানিয়ারচর সেনা জোনের (১৭ ই বেঙ্গল) উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার ঘিলাছড়ি, কুতুকছড়ি ও বুড়িঘাটসহ পার্শ্ববর্তী দুর্গম পাহাড়ী এলাকাগুলোতে স্থায়ী চিকিৎসা কেন্দ্র না থাকায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি নজরে আসার পর নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর নির্দেশনায় এই বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনে নানিয়ারচর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আশিকুজ্জামান ও ক্যাপ্টেন শেখ নাহিদা আক্তার সরাসরি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। দিনব্যাপী এই কার্যক্রমে ৩৫০ জন পুরুষ, ৪০০ জন মহিলা ও ৫০ জন শিশুসহ সর্বমোট ৮০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এ সময় জোন কমান্ডার ছাড়াও জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, ঘিলাছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. সায়েম আক্তার সৌধসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জোন কমান্ডার তার বক্তব্যে জানান, পাহাড়ী জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে এবং তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিকিৎসা সেবা বঞ্চিত এই দুর্গম এলাকার সাধারণ মানুষ সেনাবাহিনীর এমন উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, নিয়মিত এ ধরনের সেবা কার্যক্রম তাদের দীর্ঘদিনের চিকিৎসাক্ষোভ দূর করতে এবং নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ