মধুপুরে পাঁচ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:২৫ পিএম
মধুপুরে পাঁচ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ৫টি ইটভাটার মালিককে মোট ২৯ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিবেশের ক্ষতিসাধন ও অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে এই দণ্ডাদেশ দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো, কালামাঝির মেসার্স বিজয় ব্রিকস, কুড়ালিয়ার মেসার্স সিটি ব্রিকস ও মেসার্স এস.কে.বি. ব্রিকস এবং দড়িহাতিলের মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স মধুপুর ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলম। অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিপ্লব কুমার সূত্রধর ও উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক। 

আইনশৃঙ্খলা রক্ষায় মধুপুর থানা পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের একটি দল এই অভিযানে সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় এবং ইটভাটায় অবৈধভাবে বনজ সম্পদ ধ্বংস রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ইএইচ