মহেশপুরে উন্নয়ন প্রকল্প ও ভোটকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:১৫ পিএম
মহেশপুরে উন্নয়ন প্রকল্প ও ভোটকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. খাদিজা আক্তার।

বুধবার দিনব্যাপী ১২নং আজমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে ইউএনও প্রথমে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণগত মান ও অগ্রগতির খোঁজ নেন। 

তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়ে বলেন, সরকারি প্রকল্পের বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না। কাজের মান বজায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি ইউনিয়নের সম্ভাব্য সকল ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের অবকাঠামো, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, যাতায়াত পথ এবং প্রতিবন্ধীবান্ধব পরিবেশসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। 

পরিদর্শন শেষে মোছা. খাদিজা আক্তার জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে সকল প্রস্তুতি সময়মতো সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি), আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে ইউএনও বলেন, উন্নয়ন ও নির্বাচন উভয় ক্ষেত্রেই পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।

ইএইচ