কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী এই নেতার উদ্যোগে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডসহ ইউনিয়ন পর্যায়ের প্রায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পাড়া-মহল্লায় শীতবস্ত্র পৌঁছে দেন রিপন হোসেন।
বিতরণকালে তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের মানবিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন। একইসাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আগামী নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষেও জনমত গঠন ও ভোট প্রার্থনা করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিকূল আবহাওয়ায় কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নিম্নআয়ের মানুষ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন