সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাডভোকেট আরিফ মন্ডলকে পলাশবাড়ীতে সংবর্ধনা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৩:৩৫ পিএম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যাডভোকেট আরিফ মন্ডলকে পলাশবাড়ীতে সংবর্ধনা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ‘অ্যাডভোকেট-অন-রেকর্ড’ হিসেবে তালিকাভুক্ত হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে অ্যাডভোকেট এসএম আরিফ মন্ডলকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার রাতে বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী শাখার সভাপতি আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এসএম আরিফ মন্ডল। তিনি পলাশবাড়ী উপজেলার প্রথম আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত নিয়োগ কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই গৌরব অর্জন করেছেন।

সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. সুরুজ হক লিটন, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মো. মুশফিকুর রহমান মিলটন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রিয়াসাত রিফাত নবী এবং পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ। বক্তারা তাঁর এই সাফল্যকে উপজেলার আইনি অঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং পলাশবাড়ী প্রেস ক্লাবের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবেদুর রহমান সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন।

উল্লেখ্য, অ্যাডভোকেট এসএম আরিফ মন্ডল পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মো. আব্দুস সামাদ মন্ডল বাদশাহ’র ছেলে। তাঁর এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।

ইএইচ