নকলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মারা গেছেন

নকলা (শেরপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:১১ পিএম
নকলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মারা গেছেন

শেরপুরের নকলা উপজেলার গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার দুপুর ১টার সময় নকলা পৌরসভার বাজারদী এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭২ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ নকলা উপজেলার চরমধুয়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে ছিলেন। তবে দীর্ঘকাল ধরে তিনি পরিবারসহ পৌরসভার বাজারদী এলাকায় বসবাস করে আসছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের তথ্য অনুযায়ী, দেশমাতৃকার এই বীর সন্তানের লাল মুক্তিবার্তা নম্বর ০১১৪০৩০২০৩ এবং গেজেট নম্বর ১০১১। আজ রাত ৮টায় কায়দা বাজারদী গোরস্থান মাঠে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে। জানাজার আগে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে।

তার মৃত্যুতে নকলা উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ এবং নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইএইচ