পাবনার ভাঙ্গুড়া পৌর সভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. বাদল আকন্দ দলীয় রাজনীতি থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভাঙ্গুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাদল আকন্দ বলেন, দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে দলের রাজনৈতিক নীতি ও আদর্শের সঙ্গে তিনি আর একমত পোষণ করতে পারছেন না। ফলে পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাদল আকন্দ আরও জানান, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না। রাজনীতির পরিবর্তে দেশ ও জাতির কল্যাণে একজন সাধারণ নাগরিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। তবে নাগরিক দায়িত্ব হিসেবে ভবিষ্যতে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করবেন বলে জানান এই সাবেক তৃণমূল নেতা।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাদের মধ্যে পদত্যাগের এই ধারা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন