সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নাশকতার বড় ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন চারাগাঁও বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৯৫/১-এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘মাইজহাটি’ নামক এলাকায় পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় এই ডেটনেটরগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করতে বা সীমান্তে বড় কোনো বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যেই এই বিস্ফোরক সরঞ্জামগুলো চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধারকৃত ইলেকট্রিক ডেটনেটরগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইইডি বা হাতবোমা তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, "সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা চোরাচালান রুখতে আমরা এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি তৎপর।"
এই ঘটনায় উদ্ধারকৃত ডেটনেটরগুলো নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ওই এলাকায় বিজিবির টহল আরও বৃদ্ধি করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন