ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশালে ভোটের মাঠে সরগম প্রার্থীরা

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশালে ভোটের মাঠে সরগম প্রার্থীরা

মনোনয়ন সংগ্রহ শেষ হতেই বরিশাল-৫ আসনে পুরোদমে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোর মতো জাতীয় নাগরিক পার্টি, এনসিপির প্রার্থীরাও এখন ভোটারদের দুয়ারে দুয়ারে। 

শুক্রবার জুমার নামাজ শেষে বরিশাল সদর-৫ আসনের প্রার্থীরা নগরী থেকে শুরু করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেছেন।

নির্বাচনী মাঠে দেখা গেছে, অন্যান্য দলের প্রার্থীর অনেক পরে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. নুরুল হুদা মিলু চৌধুরী শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন। 

তবে মনোনয়নপত্র সংগ্রহের আগে থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামীসহ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শক্তিশালী প্রতিপক্ষ বিএনপির সাথে লড়াই করতে অন্য দলগুলোও বেশ কৌশলে এগোচ্ছে।

বরিশাল সদর-৫ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছে সচেতন মহল। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুয়াযযম হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। মর্যাদাপূর্ণ এই আসনটি ফিরে পেতে সব দলের শীর্ষ নেতারাই নিজ নিজ কৌশলে কাজ করছেন।

দীর্ঘ ৩০ বছর বরিশালের রাজনীতিতে আধিপত্য বিস্তার করা মজিবর রহমান সরোয়ার পঞ্চম বারের মতো মনোনয়ন পেয়েছেন। তিনি ইতিপূর্বে বরিশাল জেলা ও মহানগর বিএনপির সভাপতি, সংসদ সদস্য, হুইপ, সিটি মেয়র এবং বিভাগীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 

গত কয়েক বছর কিছুটা কোণঠাসা থাকলেও মনোনয়ন পাওয়ার পর মহানগর বিএনপির তিনটি গ্রুপসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মীরা তাঁর পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন।

নির্বাচনী পরিস্থিতি নিয়ে মজিবর রহমান সরোয়ার বলেন, “বিগত দিনে আমি মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছি। জনগন বিএনপিকে কতটা ভালোবাসে তা অতীতের নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে। বরিশাল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, তাই আশা করি মানুষ এবারও ধানের শীষে ভোট দিয়ে তার প্রমাণ দেবে।”

অন্যদিকে, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “দেশবাসী এখন পরিবর্তন চায়। মানুষের মাঝে সচেতনতা বেড়েছে এবং তারা ভোট প্রয়োগের মাধ্যমেই সেই পরিবর্তনের প্রমাণ দেবে।” ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করীমের বাড়ি বরিশাল সদরে হওয়ায় তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তাও বেশ তুঙ্গে। এছাড়া বামপন্থী শ্রমজীবী মানুষের নেতা বাসদের ডা. মনীষা চক্রবর্তীও এই আসনে প্রার্থী হয়ে আলোচনায় রয়েছেন।

নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপির প্রার্থী মো. নুরুল হুদা মিলু চৌধুরী গত মঙ্গলবার থেকে অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে শাপলা কলি মার্কায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। তিনি নগরীর সদর রোড ও গির্জা মহল্লাসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন।

বরিশাল সদর ও সিটি কর্পোরেশনের এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৯৪৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার জন। এছাড়া এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ৬টি সংসদীয় আসনে এ পর্যন্ত ১৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে কমিশন।

ইএইচ