ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৮:৪৩ পিএম
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। 

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বিকেলের পর থেকেই নদীজুড়ে কুয়াশার দাপট বাড়তে থাকে। সন্ধ্যার দিকে কুয়াশা এতোটাই ঘনীভূত হয় যে, নৌ-চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টগুলো চালকদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এমতাবস্থায় মাঝনদীতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হলে কর্তৃপক্ষ ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ করে রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ার সাথে সাথেই পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘাটে আটকে পড়া যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

ইএইচ