সোনাতলায় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:০৯ পিএম
সোনাতলায় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু

বগুড়ার সোনাতলায় নিজ শয়নকক্ষ থেকে এক গৃহবধূ ও তার স্কুলপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে উপজেলার জোরগাছা ইউনিয়নের শিচারপাড়া (মৌলবীর মোড়) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ওই গ্রামের কামরুল ইসলামের স্ত্রী চায়না বেগম (৩৫) এবং তাদের মেয়ে ও স্থানীয় বুলজান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী খাদিজা খাতুন (১৪)।

ঘটনার পর থেকেই অভিযুক্ত কামরুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর কামরুল ইসলাম বাড়িতে ফিরে শয়নকক্ষের তীরের সঙ্গে স্ত্রী ও সন্তানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দুটি দেখতে পান। পরে খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতের বাবা তারাজুল ইসলাম জানান, জামাই কামরুল ইসলামের সাথে তার মেয়ের সংসারে দীর্ঘ দিন ধরেই চরম অভাব-অনটন ও কলহ লেগেই থাকতো। কামরুল ইসলামকে ‘খারাপ প্রকৃতির’ উল্লেখ করে তিনি জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে তাদের মনে সন্দেহ রয়েছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, “প্রাথমিকভাবে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

একই পরিবারের দুজনের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ইএইচ