ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ‘উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার পরিচালক, তার স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, একতলা মাদ্রাসা ভবনটির পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং আশপাশের ভবনেও ফাটল দেখা দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদ্রাসার ভেতর থেকে বিপুল পরিমাণ ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ভবনমালিক পারভীন বেগম জানান, মুফতি হারুন নামের এক ব্যক্তি তিন বছর আগে ভবনটি ভাড়া নিয়ে মাদ্রাসা চালু করেন এবং তার শ্যালক আল আমিন সপরিবারে সেখানে বসবাস করে এটি পরিচালনা করতেন। মাদ্রাসার আড়ালে সেখানে এমন বিপজ্জনক কার্যক্রম চলছিল, তা স্থানীয়দের কাছে অজানাই ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও উদ্ধার অভিযান শুরু করে। বিস্ফোরণে আহত আছিয়া বেগম ও তার দুই ছেলে উমায়েত (১০) ও আবদুল্লাহকে (৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসায় শিক্ষার্থী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদ্রাসার আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন