কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নে একটি সড়ক সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, আরসিআইপি প্রকল্পের আওতায় দৌলতপুর ও মিরপুর উপজেলায় ১৮ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়নের কাজ শুরু হয়।
নিয়ম অনুযায়ী, ১২ ফুটের রাস্তাটি ১৮ ফুটে উন্নীত করার পাশাপাশি প্রয়োজনীয় গাছ অপসারণ ও গাইড ওয়াল নির্মাণের কথা ছিল। তবে স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুই পাশে থাকা শতাধিক মেহগনি গাছ না কেটেই বক্স কাটা হয়েছে। এমনকি বালু-মিশ্রিত নিম্নমানের খোয়া ব্যবহার করে তড়িঘড়ি করে ম্যাকাডাম তৈরি করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
জানা যায়, মূল ঠিকাদার আতাউর রহমান দীর্ঘদিন পলাতক থাকার পর তার অংশীদার মিজানুর রহমান প্রভাবশালীদের ছত্রছায়ায় পুনরায় কাজ শুরু করলে এসব অনিয়ম আরও প্রকট হয়। গত ১৮ ডিসেম্বর বিসিক বাজার এলাকায় স্থানীয় প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে কাজের ত্রুটি ধরা পড়লে জনরোষের মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রকৌশলী রাকিব হাসান জানান, গাছ কাটার অনুমতির জন্য জেলা প্রশাসকের নির্দেশনা চাওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক অর্থায়নপুষ্ট এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কীভাবে দিনের পর দিন অনিয়ম চলল, তা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী এখন এই প্রকল্পের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন