সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে তিনি অন্যান্য বিচারপতিদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পৌঁছান এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম এমদাদুল হক।
শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনুসহ পদস্থ সরকারি কর্মকর্তারা।
উল্লেখ্য, এর আগে আজ সকালেই বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মাধ্যমে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ গ্রহণ শেষে প্রথা অনুযায়ী তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানাতে স্মৃতিসৌধে যান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন