পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৯:১৮ পিএম
পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কাটার অপরাধে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর চরে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মেহেদী হাসান (৩০) ও পিন্টু আলীকে (২৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অন্যদিকে, লিমন (২০) ও শরিফুলকে (২৫) তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

ইউএনও রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত চার আসামিকেই কুষ্টিয়া জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, "পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু বা মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা আইন অমান্য করে নদীর পরিবেশ ও বাঁধের ক্ষতি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।" জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ইএইচ