কুষ্টিয়ার খোকসায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার 'মোল্লা এন্টারপ্রাইজ (আশা)' নামক সারের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জামান।
আদালত সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম নামের এক কৃষক অভিযোগ করেন যে, প্রতি বস্তা সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও তাঁর কাছ থেকে ১ হাজার ৫৮০ টাকা রাখা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওই দোকানে অভিযান চালায় প্রশাসন।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার ও সার ব্যবস্থাপনা আইনের অধীনে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি কৃষক রাকিবুল ইসলামের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকাও তাঁকে ফেরত দেওয়া হয়।
অভিযানকালে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, সার বাজারে অস্থিরতা রোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন