ফরিদপুরের বোয়ালমারীতে দ্রুতগামী পিকআপের চাপায় আক্কেল মোল্লা (৪৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৩ জন শ্রমিক আহত হয়েছেন।
গুরুতর আহত শ্রমিক হাসিব মোল্লাকে (২০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আক্কেল মোল্লা মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে।
সোমবার ভোরে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৭-৯১৭৬) জব্দ করে থানায় নিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শ্রম বিক্রি করার উদ্দেশ্যে ৪-৫ জন শ্রমিক একটি অটোভ্যানে করে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। ভ্যানটি বোয়ালমারী উপজেলার ময়না স্কুলের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানটিকে সরাসরি চাপা দেয়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্কেল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে হাসিব মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এছাড়া জাহাঙ্গীর ও আকাশ নামে অন্য দুই শ্রমিক বর্তমানে মহম্মদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পিকআপটি ঠেলে নিয়ে ময়না ইউনিয়ন পরিষদে আটকে রাখে, যেখান থেকে পরবর্তীতে পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
নিহত আক্কেল মোল্লার স্ত্রী কোহিনূর বেগম জানান, পরিবারের পক্ষ থেকে তাঁদের কোনো অভিযোগ নেই এবং তারা কোনো মামলাও করবেন না। তাঁরা বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়িতে নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। আমরা বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই করছি এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন