গাজীপুর-১ আসনে বিএনপি মনোনয়নপত্র দাখিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০২:৫৭ পিএম
গাজীপুর-১ আসনে বিএনপি মনোনয়নপত্র দাখিল

গাজীপুর-১ (কালিয়াকৈর-গাজীপুর সিটির একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের আগে কালিয়াকৈর বাস টার্মিনালে হাজার হাজার দলীয় নেতা-কর্মী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করেন। সংক্ষিপ্ত এই সমাবেশ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মজিবুর রহমান বলেন, “দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের ভোটারদের সহযোগিতায় গাজীপুর-১ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।” এ সময় তিনি উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানার সাবেক সভাপতি ইদ্রিস আলী সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকির এবং পৌর যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ইএইচ