আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বোয়ালমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আ. কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনে এ পর্যন্ত মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই তালিকায় খন্দকার নাসিরুল ইসলাম ছাড়াও রয়েছেন খেলাফত মজলিসের মুফতি শরাফাত হোসাইন, জামায়াতে ইসলামীর ড. মো. ইলিয়াস মোল্লা এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর।
এছাড়াও বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে শামসুদ্দীন মিয়া (ভিপি ঝুনু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার খানসহ অন্যরাও মাঠে রয়েছেন। খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শরাফাত হোসাইন গতকাল রোববার তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনী এলাকা সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনে মোট ৫ লাখ ১০ হাজার ৫৫৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৩৪১ জন, নারী ভোটার ২ লাখ ৫১ হাজার ২১৪ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উপজেলায় মোট ৭৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ২০টি কেন্দ্রকে প্রশাসন ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় নির্বাচন অফিস প্রাঙ্গণে প্রার্থীদের ভিড় লক্ষ করা গেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন