পিরোজপুর জেলার তিনটি উপজেলার (পিরোজপুর সদর, নেছারাবাদ ও নাজিরপুর) উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলার খসড়া স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান এবং রুরাল এরিয়া প্ল্যান বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উদয় শংকর দাস।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জেরিন সুলতানা, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা কর্মকার, পিরোজপুর সদর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস এবং কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম।
এ ছাড়াও পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপনা করেন প্রজেক্ট ম্যানেজার জাকিয়া সুলতানা এবং ডিজাইনার ও সিইও মো. তামজিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক খবির উদ্দিন আহম্মেদ।
সেমিনারে বক্তারা জানান, নগর উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন অবকাঠামো, যেমন রাস্তাঘাট ও ভবন নির্মাণ এবং বিদ্যমান কাঠামোর আধুনিকীকরণ করে বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করা।
এ ছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং একটি টেকসই ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এর মধ্যে উন্নত আবাসন, পরিবহন ব্যবস্থা, নিরাপদ জল সরবরাহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ চত্বর তৈরি ও রক্ষণাবেক্ষণসহ বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন