ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪টি আসনে মোট ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেল পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
তবে নির্ধারিত সময়ের মধ্যে মোট কতজন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে, তার চূড়ান্ত পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)
এই আসনে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি তা দাখিল করেননি। তবে তাঁর ভাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মামুন এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান এবং ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারী নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ)
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লক্ষ্মীপুর-৩ (সদর)
লক্ষ্মীপুর সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তাঁর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মো. ইব্রাহিম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর)
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এ ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি এ আর হাফিজউল্যাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ এবং খেলাফত মজলিসের আব্দুল মতিন স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন