গাজীপুরের কালিয়াকৈরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপাকে পড়া অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার উপস্থিত থেকে সরাসরি ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, “শীতের তীব্রতায় যেন কোনো অসহায় মানুষ কষ্ট না পায়, সেই লক্ষ্যেই উপজেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সরকারের পক্ষ থেকে পাওয়া এই মানবিক সহায়তা প্রকৃত দুস্থদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। শীতের প্রকোপ যতদিন থাকবে, আমাদের এই সহায়তা কার্যক্রমও ততদিন অব্যাহত থাকবে।”
সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জনকল্যাণে কাজ করা প্রশাসনের দায়িত্ব। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলেও এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। রাতের আঁধারে প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে আচমকা কম্বল পেয়ে অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন